
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বেরিয়ে ৩০০ ফিটের সমাবেশস্থলের দিকে যাচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে চড়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন তিনি।
পথের দু’পাশে হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাচ্ছে। তারেক রহমানও হাত নেড়ে ও সালাম দিয়ে মানুষের ভালোবাসার জবাব দিচ্ছেন।
এর আগে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বেরিয়ে জুতা খুলে মাটিতে পা রেখে দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশের মাটিতে পা রেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।
এর আগে নির্বাসন ও সংগ্রামের দীর্ঘ দেড় যুগের অপেক্ষার অবসান শেষে দেশে পৌ৭ছান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-১০২) সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তাকে স্বাগত জানাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা অপেক্ষায় রয়েছেন।
এর আগে বাংলাদেশ সময় রাত ১২টায় তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হন।