
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন। এর কিছু আগে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তাকে বহনকারী লাল-সবুজ বাসটি হাসপাতালের গেটে পৌঁছায়।
জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় গণসংবর্ধনা ও বক্তব্য শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে বিপুলসংখ্যক নেতাকর্মীর ভিড়ের কারণে হাসপাতালে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী প্রিয় নেতাকে একনজর দেখার জন্য অপেক্ষা করেন। এ সময় তারেক রহমান হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
এর আগে আজ লন্ডন থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি তিনি গণসংবর্ধনাস্থলে যান এবং সেখানে বক্তব্য দেন। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা হন।
আজ তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারা প্রথমে গুলশানের বাসায় যান এবং পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।