
চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ১৯৬ নম্বর বাসার উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
এর আগে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে পূর্বাচলের গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন এবং সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সেখানে পৌঁছান। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা হাসপাতালের সামনে অবস্থান নেন। নিরাপত্তা বলয় ভেদ করে তারেক রহমানকে বহনকারী গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশের সময় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
দলীয় পতাকা ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হলেও দলের পক্ষ থেকে হাসপাতাল এলাকায় স্লোগান না দিতে নির্দেশনা ছিল।
এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রওনা দেন। পথে সড়কের দুই পাশে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট পর তিনি সংবর্ধনাস্থলের মঞ্চে পৌঁছান।
উল্লেখ্য, সকাল ১১টা ৪৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন শেষে ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি কুশল বিনিময় করেন।