
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাঁচটি ঘর পুড়ে ছাই হলেও কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-ব্লকে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নির্বাপণে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের সহায়তায় ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট কাজ শুরু করে। পরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা যুবক আমানউল্লাহ বলেন, “বি-ব্লকের একটি ঘরে আগুন লাগে। কীভাবে ধরেছে জানি না। প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে বেরিয়ে এসেছি।”
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে যায়, এতে একজন নিহত হন।