
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌধ কর্তৃপক্ষ। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্মৃতিসৌধ সংশ্লিষ্ট গণপূর্ত অধিদপ্তর ও পুলিশ সূত্র জানায়, মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এ উপলক্ষে বৃহস্পতিবার থেকে স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। ঝাড়ু দেওয়ার পাশাপাশি লেকের পানিও পরিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, স্মৃতিসৌধ এলাকায় প্রস্তুতির কাজ অব্যাহত রয়েছে এবং পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান দেশে ফিরেছেন -এ তথ্যের ভিত্তিতেই আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাভাবিক নিয়মেই স্মৃতিসৌধ পরিচ্ছন্ন রাখা হচ্ছে এবং অতিথিদের ব্যবহৃত স্থানগুলো বিশেষভাবে পরিষ্কার করা হবে। প্রয়োজন হলে নির্দেশনা অনুযায়ী সাময়িকভাবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হতে পারে।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম জানান, তারেক রহমানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও ট্রাফিক পুলিশ, ডিবি ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।