
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে দেশে আসেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তাঁদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৩৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে লাখো মানুষের উপস্থিতিতে বক্তব্য রাখেন তিনি।
গণসংবর্ধনার মঞ্চে তারেক রহমান বলেন, আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ পরিস্থিতিতে সবাইকে ধৈর্যশীল ও শান্ত থাকার আহ্বান জানান তিনি। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে তরুণরাই। শক্ত গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তির ওপর দেশ গড়ে তুলতে তরুণদের দায়িত্ব গ্রহণ করতে হবে।
এ ছাড়া জনগণের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং উসকানির মুখে ধীর ও সংযত থাকতে হবে।
তারেক রহমানের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। শোবিজ অঙ্গনের অনেকে তাঁর বক্তব্যের প্রশংসা করেছেন। চিত্রনায়িকা পরীমনি ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমানের বক্তব্যের একটি অংশ উল্লেখ করে আবেগঘন প্রতিক্রিয়া জানান এবং সবার জীবনে শান্তি কামনা করেন।