
ফাইল ছবি
ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর কোনো আইনি জটিলতা থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া রয়েছে এবং পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় ভোটার নিবন্ধনের পদ্ধতি চূড়ান্ত করা হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোটার হওয়ার পর তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা দেখছে না ইসি। তিনি জানান, তার ব্যক্তিগত নিরাপত্তা এবং নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা-উভয় দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তারেক রহমান কোথায় ভোটার হবেন- গুলশানের বাসায় নাকি নির্বাচন অফিসে- সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইসি জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী যেকোনো একটি পদ্ধতি বেছে নেওয়া হতে পারে এবং সময়মতো বিষয়টি জানানো হবে।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন। যদিও তফসিল ঘোষণার পর সাধারণ নিয়মে ভোটার হওয়ার সুযোগ না থাকায় বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ১১ ডিসেম্বর। অতীতে একই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাসায় থেকেই ভোটার হয়েছিলেন- সে নজিরও সামনে রয়েছে। এদিকে দেশে ফিরে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে একটি পরিকল্পনার কথা জানিয়েছেন তারেক রহমান। নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়া বাধ্যতামূলক, আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর।