
র্ঘটনায় এমভি জাকির সম্রাট লঞ্চের একপাশ দুমড়ে মুচড়ে যায়
ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের মেঘনা নদীতে দুইটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো লঞ্চ দুটির নাম জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯।
চাঁদপুর বিআইডব্লিউটিএ সূত্র জানায়, গভীর রাত থেকে নদীতে ঘন কুয়াশা থাকায় নৌপথে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। সীমিত দৃশ্যমানতার মধ্যেই হরিনা এলাকায় চলাচলরত দুটি লঞ্চ একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনায় এমভি জাকির সম্রাট লঞ্চের একপাশ দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হলেও নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।