
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দুঃখপ্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান সপরিবারে দেশে ফেরেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ ঢাকায় সমবেত হন, ফলে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয় এবং স্বাভাবিক জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নগরবাসীর যে কষ্ট হয়েছে, তাতে বিএনপি গভীরভাবে মর্মাহত বলে জানানো হয় এবং এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটারজুড়ে বিপুল মানুষের ঢল নামে। সংবর্ধনা শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান।