
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী রয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাভারের পথে যাত্রা করেন। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবির ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর সর্বোচ্চ নিরাপত্তায় বুলেটপ্রুফ বাসে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় সড়কের দুই পাশে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। বহু মানুষ দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে উপস্থিত হন।