
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির (জাপা) জিএম কাদের নেতৃত্বাধীন অংশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন।
তবে তিনি স্পষ্টভাবে জানান, ভোটের মাঠে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারে।
মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি সর্বদা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। অতীতেও জনগণের যেকোনো রায় দল মেনে নিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। এ দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের।
শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেন, সরকার দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে, যা উদ্বেগের বিষয়। তবে সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য প্রস্তুত।
তিনি জানান, অনেক আসনে একাধিক আগ্রহী প্রার্থী থাকায় চূড়ান্ত মনোনয়ন করতে সময় লেগেছে। যাচাই-বাছাই শেষে শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
মহাসচিব আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টির জন্য নির্বাচনে প্রয়োজনীয় এবং সমান সুযোগ নিশ্চিত করবে।