
সংগৃহীত ছবি
পৌষের শুরুতে শীতের দেখা না মিললেও হঠাৎ করেই জেঁকে বসেছে শীত। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারীর ওপর দিয়ে এই শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে, যা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, চলতি মৌসুমে এটিই দেশের প্রথম শৈত্যপ্রবাহ। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। এতে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগে সাময়িক বিঘ্নের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশে শীতের প্রকোপ বাড়ছে। আকস্মিক এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের মানুষ। হিমেল বাতাস ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিশেষ করে নিম্নআয়ের ও শ্রমজীবী মানুষ চরম কষ্টে পড়েছেন।
গত পাঁচ দিনে ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। ঢাকায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, যা এ মৌসুমের সর্বনিম্ন।
ভোর ও রাতে কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি আরও বাড়ছে। এতে শ্রমজীবী মানুষ ও পথচারীরা দুর্ভোগে পড়ছেন। চিকিৎসকদের মতে, ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।