
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক বোলিং কীর্তির সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। মাত্র ৭ রান খরচ করে ৮ উইকেট শিকার করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন আইসিসির সহযোগী দেশ ভুটানের বাঁহাতি স্পিনার সোনাম ইয়েশে।
মিয়ানমারের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখান ২২ বছর বয়সী সোনাম। ৪ ওভারের স্পেলে তিনি প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। তার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি মিয়ানমারের ব্যাটাররা। একের পর এক উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারের অনন্য রেকর্ড নিজের করে নেন তিনি।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেট নেওয়ার কীর্তি ছিল মাত্র দুজন বোলারের দখলে। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। চলতি বছর ভুটানের বিপক্ষে ১৯ রান খরচ করে ৭ উইকেট নিয়েছিলেন বাহরাইনের আলী দাউদ।
তবে সোনাম ইয়েশে তাদের দুজনকেই ছাড়িয়ে গেছেন আরও এক ধাপ এগিয়ে। মাত্র ৭ রান দিয়ে ৮ উইকেট নিয়ে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করেছেন। এই অসাধারণ পারফরম্যান্স শুধু ভুটানের ক্রিকেটের জন্যই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসেও এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।