
দুই দশকের এই উদযাপনকে কেন্দ্র করে আজ কেআইবি অডিটরিয়ামে বসছে দেশের ব্যান্ড সংগীতের তারার মেলা
বাংলা রক মিউজিকের জনপ্রিয় নাম ‘মেকানিকস’ পা রাখল পথচলার দুই দশকে। চলতি বছরের নভেম্বরে নিজেদের পথচলার ২০ বছর পূর্ণ করেছে ব্যান্ডটি। এই দীর্ঘ ও গৌরবময় যাত্রাকে স্মরণীয় করে রাখতে আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটরিয়ামে আয়োজন করা হয়েছে এক বিশাল মেগা কনসার্ট। ‘অ্যান ইভিনিং উইথ মেকানিকস-সেলিব্রিটিং ২০ ইয়ার্স অব লিগ্যাসি’ শিরোনামের এই আয়োজনটি আজ বেলা সাড়ে ৩টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে রাত ১১টা পর্যন্ত।
দুই দশকের এই উদযাপনকে কেন্দ্র করে আজ কেআইবি অডিটরিয়ামে বসছে দেশের ব্যান্ড সংগীতের তারার মেলা। এই বিশেষ কনসার্টে মেকানিকসের সাথে একই মঞ্চে পারফর্ম করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, এলআরবি, আর্টসেল, আর্বোভাইরাস, শিরোনামহীন এবং অ্যাভয়েড রাফার সদস্যরা। এছাড়াও মঞ্চ মাতাবেন এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও রক সল্ট। মূলধারার শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের ব্যান্ড তারকারাও এই আয়োজনে অংশ নিয়ে মেকানিকসের দুই দশক পূর্তিকে সম্মান জানাবেন।
ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান ভোকাল আফতাবুজ্জামান ত্রিদিব এই কনসার্টকে কেবল একটি গান গাওয়ার অনুষ্ঠান হিসেবে দেখছেন না। তিনি মনে করেন, এটি ব্যান্ড মিউজিক প্রেমীদের জন্য একটি বড় মিলনমেলা হতে যাচ্ছে। ত্রিদিব জানান, এটি এমন এক আয়োজন যেখানে মেকানিকসের পুরোনো স্মৃতিগুলো নতুন করে ডানা মেলবে, হারানো বন্ধুদের সঙ্গে দেখা হবে এবং সবাই মিলে সংগীতের মাধ্যমে আনন্দ ভাগ করে নেবে। তিনি আরও জানান যে, এই বিশেষ দিনে মেকানিকসের বর্তমান ও সাবেক সদস্যদের পাশাপাশি দেশের গুণী মিউজিশিয়ানরা মঞ্চে থাকবেন, যা ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হবে।
মেকানিকসের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ২০০৫ সালে এই ব্যান্ডের পথচলা শুরু হয়। ওই বছরের ২৩ নভেম্বর ধানমন্ডির ‘মিউজিক ম্যানিয়া’ স্টুডিওতে প্রথম প্র্যাকটিস সেশনের মাধ্যমে দলটির যাত্রা শুরু হয়। শুরুতে ভোকাল ত্রিদিব ও ড্রামার রিয়াজের সঙ্গে ছিলেন বেজ গিটারিস্ট রুশো খান এবং গিটারিস্ট তামজীদ খান। এর মাত্র এক মাসের মধ্যে ব্যান্ডে যোগ দেন গিটারিস্ট ইমরান আহমেদ। ২০০৭ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডি রকস্টার’–এর দ্বিতীয় সিজনে অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছালেও দেশজুড়ে ব্যাপক পরিচিতি পায় মেকানিকস। এরপর ২০১১ সালে প্রকাশিত হয় তাদের জনপ্রিয় অ্যালবাম ‘অপরাজেয়’।
বর্তমানে মেকানিকসের লাইনআপে রয়েছেন আফতাবুজ্জামান ত্রিদিব (ভোকাল), শেখ রিয়াজ (ড্রামস), সাইফ ইরফান (গিটার), সাফাত চৌধুরী (গিটার) ও সৌমিক ইসলাম। ব্যান্ডটি মনে করে, দীর্ঘ ২০ বছরের এই যাত্রায় ভক্ত ও শ্রোতাদের নিঃস্বার্থ ভালোবাসাই তাদের সবচেয়ে বড় অর্জন। আজকের এই আয়োজনের মাধ্যমে সেই ভক্তদের সঙ্গেই দুই দশকের সাফল্য উদ্যাপন করতে চায় মেকানিকস।