
ফাইল ছবি
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, ‘প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা, আর এলাকার মানুষের সেবা করাই আমার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য।’ তিনি জানান, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকার থেকে তিনি সরে আসবেন না।
তিনি ঘোষণা দেন, আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় প্রার্থী না হওয়ায় সাংগঠনিক শক্তি ও প্রশাসনিক সহায়তা থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। এ অবস্থায় জনগণের সমর্থনই তার একমাত্র ভরসা বলে জানান।
ডা. তাসনিম জারা বলেন, ‘দুটি বিশেষ বিষয় : এক. স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। রোববার থেকে এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারবো না। এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসাবে সাহায্য করতে চান, তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হন। আপনাদের নির্দিষ্ট স্থান ও লোকেশন জানিয়ে দেওয়া হবে: https://www.facebook.com/share/g/1DCkLvMvRX/ দুই. কিছুদিন আগে নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় আপনারা অনেকে ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে (স্বতন্ত্র হিসেবে লড়াই করা) যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তারা অর্থ ফেরত পেতে নিচে দেওয়া এই ফরমটি পূরণ করুন : https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA আপনাদের ট্রাঞ্জাকশন আইডি ও ডিটেইলস ভেরিফাই করার পরে অর্থ ফেরত দেওয়া হবে। আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন, তাদেরকে শীঘ্রই জানাব কী প্রক্রিয়ায় আপনাদের অর্থ ফেরত দেওয়া হবে।’