
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য এ পর্যন্ত ৮ লাখের বেশি ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এ কার্যক্রমে অংশ নিচ্ছেন।
শনিবার দুপুর সোয়া ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৮৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ২৮ হাজার ৬১৭ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৩ জন।
প্রবাসী ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। দেশটি থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৬২ হাজার ৯৯৩ জন। এরপর কাতার থেকে ৫৯ হাজার ৫৮২, ওমান থেকে ৪৬ হাজার ১৪৩, মালয়েশিয়া থেকে ৪৩ হাজার ৮২৯, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৮৭৪ এবং যুক্তরাষ্ট্র থেকে ২৬ হাজার ৭৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৪৪ হাজার ৬৬১ জন ভোটার।
জেলাভিত্তিক হিসাবে নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা— ৭১ হাজার ১৪৩ জন। এরপর ঢাকা ৬৩ হাজার ৫৯৫, চট্টগ্রাম ৬১ হাজার ৭০৩, নোয়াখালী ৪০ হাজার ৭৪১, সিলেট ৩০ হাজার ৮৯ এবং চাঁদপুরে ২৮ হাজার ৩১৫ জন ভোটার নিবন্ধন করেছেন।
আসনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে— ১১ হাজার ৭৯৩ জন। এরপর চট্টগ্রাম-১৫ আসনে ৯ হাজার ৮১১, কুমিল্লা-১০ আসনে ৯ হাজার ৪৬৬ এবং নোয়াখালী-১ আসনে ৯ হাজার ৩৬৫ জন ভোটার নিবন্ধন করেছেন।
ইসি জানিয়েছে, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
বুধবার এই নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন সংশ্লিষ্ট ভোটাররা। গত ১৮ নভেম্বর চালু হওয়া অ্যাপটির মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।
নিবন্ধনের ক্ষেত্রে প্রবাসী ভোটারদের সংশ্লিষ্ট দেশের বৈধ মোবাইল নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন।