
কানাডায় জন্ম হলেও নোরা ফাতেহির শৈশব-কৈশোর কেটেছে মরোক্কোতে। মা–বাবা মরোক্কোর বাসিন্দা হওয়ায় সেখানেই বড় হয়ে ওঠেন তিনি। সে হিসেবে বলিউডে ‘বহিরাগত’ হিসেবেই পথচলা শুরু করেছিলেন নোরা। তবে প্রায় এক দশকের মধ্যেই বলিউডে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে। নিয়মিত কাজ ও পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নতুন প্রেমের গুঞ্জনে চর্চায় উঠে এলেন নোরা ফাতেহি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বলিউডে দীর্ঘ ক্যারিয়ারে কোনো অভিনেতার সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন তেমন শোনা যায়নি। একসময় আর্থিক কেলেঙ্কারির মামলায় কারাবন্দী শিল্পপতি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা হলেও সেই অধ্যায় এখন অতীত। সম্প্রতি নতুন করে গুঞ্জন উঠেছে- এবার নাকি এক ফুটবলারের প্রেমে পড়েছেন নোরা।
খবরে আরও বলা হয়, বছর শেষের ছুটিতে মরোক্কো সফরে গেছেন নোরা ফাতেহি। এই সফর কেবল পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই নয়, সেখানেই এক ফুটবলারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলেও শোনা যাচ্ছে। এর আগেও দুবাইয়ে ওই ফুটবলারের সঙ্গে নোরাকে একাধিকবার দেখা গেছে। এবার তাঁর আফ্রিকা সফর সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে।
আগামী ২১ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘আফ্রিকা কাপ অব নেশনস’। ওই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে নোরার কথিত প্রেমিক ফুটবলারের। গ্যালারিতে বসে তাঁর খেলা দেখতেই নোরার এই সফর- এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের।
এদিকে, গত ২১ ডিসেম্বর দুপুরে একটি কনসার্টে পারফর্ম করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন নোরা ফাতেহি। দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা দেন। ধাক্কার তীব্রতায় গাড়ির ভেতরে ছিটকে পড়ে জানালার সঙ্গে মাথায় আঘাত পান তিনি।
নোরা বলেন, “আমি বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় বিষয়। শরীরের কয়েকটি জায়গায় সামান্য আঘাত, ফোলা ও হালকা কনকাশন ছাড়া বড় কোনো ক্ষতি হয়নি। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।” একই সঙ্গে সবাইকে মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর অনুরোধ জানান তিনি।