
‘মেকানিক্স’ পূর্ণ করলো তাদের সংগীতযাত্রার ২০ বছর
দেশের হেভি মেটাল সংগীতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যান্ড ‘মেকানিক্স’ পূর্ণ করলো তাদের সংগীতযাত্রার ২০ বছর। এই দীর্ঘ ও গৌরবময় পথচলা উদযাপনে ২৭ ডিসেম্বর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হলো বিশেষ একক কনসার্ট। কানায় কানায় পূর্ণ মিলনায়তন, ভক্তদের উন্মাদনা আর নস্টালজিয়ার মধ্য দিয়ে আয়োজনটি ভিন্ন মাত্রা পায়।
২০০৫ সালে যাত্রা শুরু করা মেকানিক্স গত দুই দশকে বাংলাদেশের রক ও মেটাল দৃশ্যপটে নিজেদের এক স্বতন্ত্র উচ্চতায় নিয়ে গেছে। অর্থবহ কথা আর শক্তিশালী মিউজিক কম্পোজিশনের মাধ্যমে তারা জয় করেছে দেশ-বিদেশের অগণিত শ্রোতার মন। ২০ বছর পূর্তির এই আয়োজনে ব্যান্ডটি তাদের পুরোনো জনপ্রিয় গান থেকে শুরু করে সাম্প্রতিক গানগুলো পরিবেশন করে, যা উপস্থিত দর্শকদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা।
মেকানিক্সের এই বিশেষ দিনে সংহতি জানাতে মঞ্চে হাজির হয়েছিলেন দেশের অনেক সংগীতশিল্পী ও ব্যান্ডের সদস্যরা। অনুষ্ঠানে মেকানিক্সের সাথে অতিথি হিসেবে পারফর্ম করেন মাইলস, এলআরবি, আর্টসেল, শিরোনামহীন, পাওয়ারসার্জ, দৃক এবং ব্ল্যাক জ্যাং-এর মতো ব্যান্ডের সদস্যরা। এছাড়াও সংগীতের আঙিনায় সুপরিচিত মুখ রোমেল আলী, ইকবাল আসিফ জুয়েল, শিশির আহমেদ, এভোয়েড রাফা এবং এ কে রাহুলসহ আরও অনেকের উপস্থিতি কনসার্টটিকে এক মহোৎসবে পরিণত করে।
অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল দেশের প্রয়াত সংগীত নক্ষত্রদের স্মরণ। মেকানিক্স শ্রদ্ধাভরে স্মরণ করে পপ সম্রাট আজম খান, গিটার জাদুকর আইয়ুব বাচ্চু এবং মাইলস খ্যাত শাফিন আহমেদকে। এছাড়াও জেহীন আহমেদ, শাহেদ হোসেন, এ কে রাতুল এবং আরাফাত অদিতের অকাল প্রয়াণকে সম্মাননা ও বিশেষ সংগীত পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়, যা মিলনায়তনে উপস্থিত সবার মধ্যে এক গভীর আবেগের আবহ তৈরি করে।
ব্যান্ডের সদস্যরা জানান, এই ২০ বছর ছিল তাদের জন্য সংগ্রাম ও প্রাপ্তির এক সংমিশ্রণ। তাদের মতে, “এই আয়োজন শুধুমাত্র একটি কনসার্ট নয়; বরং দুই দশকের স্মৃতি এবং আমাদের পাশে থাকা অগণিত শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ।”
তারা আরও জানান, শুরু থেকে যারা মেকানিক্সের গান শুনেছেন এবং তাদের সমর্থন জুগিয়েছেন, এই উদ্যাপন মূলত তাদের জন্যই উৎসর্গ করা।
রক ও মেটাল প্রেমীদের জন্য বছরের অন্যতম স্মরণীয় এই আয়োজনটি শেষ হয় দর্শকদের গগণবিদারী করতালির মাধ্যমে। দেশের সংগীতাঙ্গনে মেকানিক্সের এই ২০ বছরের উত্তরাধিকার বা ‘লেগ্যাসি’ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এমনটাই প্রত্যাশা ভক্তদের।