
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিমি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, হত্যাকাণ্ডটি পূর্ব-পরিকল্পিত। ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছেন। এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আগামী ৭-৮ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে।
এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড রহস্যজনক। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আগামী ৭ জানুয়ারি মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, ‘হাদি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা উদঘাটনের জন্য পুলিশ, ডিবি, র্যাবসহ সব গোয়েন্দা সংস্থাকে কাজে লাগানো হয়েছে। তদন্তে আমরা সন্তোষজনক অগ্রগতি পেয়েছি। তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয়। এতে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে।’