
ফাইল ছবি
আগামী ৩ জানুয়ারি পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রবিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।’ মহাসমাবেশের নতুন তারিখ ও কর্মসূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেয়। সমাবেশ সফল করতে গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারি সেক্রেটারি জেনারেলরাসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।