
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন দল থেকে পদত্যাগ না করলেও আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে মনিরা শারমিন জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশায় গঠিত এনসিপি গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মধ্যপন্থি রাজনীতির ভরসাস্থল হিসেবে বিবেচিত ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নওগাঁ-৫ আসনে দলের মনোনীত প্রার্থী ছিলেন। তবে মনোনয়ন পাওয়ার আগে দল জামায়াতে ইসলামীর সঙ্গে ৩০ আসনের সমঝোতায় যাবে- এ তথ্য তিনি জানতেন না বলেও উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দলটি ৩০০ আসনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিল বলে তিনি ধারণা করেছিলেন।
দলের অবস্থান পরিবর্তনের প্রেক্ষাপটে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তিনি এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক শক্তিতে বিশ্বাসী। দলের প্রতি তাঁর প্রতিশ্রুতি অটুট থাকলেও এ মুহূর্তে গণঅভ্যুত্থান ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
নির্বাচনের জন্য ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে পাওয়া অনুদান ফেরত দেওয়ার ঘোষণাও দেন মনিরা শারমিন। তিনি জানান, যারা এনসিপির স্বতন্ত্র অবস্থান দেখে অনুদান দিয়েছেন এবং অর্থ ফেরত চাইবেন, তাদের সবাইকে দ্রুত সময়ের মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে।
একই সঙ্গে তিনি বলেন, তিনি ক্ষমতার রাজনীতি করতে আসেননি এবং সিট ভাগাভাগির মাধ্যমে ক্ষমতায় গিয়ে দলের বা মানুষের সঙ্গে অবিচার করতে চান না। রাজনীতির পরিবর্তনের পক্ষে জনতার কথা বলেই তিনি রাজপথে থাকবেন বলেও জানান।
এনসিপির এই নেত্রী আরও বলেন, দল থেকে পদত্যাগের বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি। নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে বা শুধু ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে রাজনীতি করতে তিনি রাজি নন বলেও স্পষ্ট করেন।