
ছবি: সংগৃহীত
মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শহরের কাছে এই প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ জন। মেক্সিকোর নৌবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
নৌবাহিনী জানায়, মেক্সিকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে চলাচলকারী ট্রেনটিতে ২৪১ জন যাত্রী এবং ৯ জন ক্রু সদস্য ছিলেন। আহতদের মধ্যে ৩৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মকর্তারা জানান, নিজান্দা শহরের কাছে একটি বাঁক অতিক্রম করার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, নৌবাহিনীর সচিবসহ শীর্ষ কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনছেন। লাইনচ্যুত ট্রেনটি রেললাইন থেকে ছিটকে পড়ে পাহাড়ি ঢালের পাশে আংশিকভাবে হেলে রয়েছে।
নৌবাহিনীর তথ্যমতে, প্রশান্ত মহাসাগরীয় বন্দর সালিনা ক্রুজ ও উপসাগরীয় উপকূলের কোটজাকোয়ালকোসকে সংযুক্তকারী ইন্টারওসেনিক ট্রেনটিতে দুটি লোকোমোটিভ ও চারটি যাত্রীবাহী বগি ছিল।
ওয়াক্সাকার গভর্নর সালোমন জারা ক্রুজ এক বিবৃতিতে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় রাজ্য সরকার ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে অঞ্চলটির অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ইন্টারওসেনিক রেল সংযোগটি চালু করা হয়। এটি সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। তেহুয়ান্টেপেকের ইস্থমাসজুড়ে রেল যোগাযোগ আধুনিকীকরণের মাধ্যমে এলাকাটিকে একটি কৌশলগত বাণিজ্য করিডোরে পরিণত করার পরিকল্পনার অংশ হিসেবেই এই রেল প্রকল্প বাস্তবায়ন করা হয়।