
ফাইল ছবি
চলতি ডিসেম্বর মাসের ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স।
সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ডিসেম্বরের প্রথম ২৮ দিনে দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। গত বছর একই সময়ে দেশে এসেছিল ২৪২ কোটি ১০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ২৮ ডিসেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮ কোটি ৪০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৯৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮০ শতাংশ বেশি।
এর আগে গত নভেম্বরে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স আসে দেশে। এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আর আগস্ট ও জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছেন যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
এদিকে ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা দেশের ইতিহাসে কোনো একটি অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।