
ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি এই শোক জানান।
শোকবার্তায় জামায়াত আমির বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁকে তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য, প্রিয়জন ও রাজনৈতিক সহকর্মীদের মহান আল্লাহ যেন ধৈর্যশীল ও সবরে জামিল দান করেন। আমিন।”
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার সিরোসিস ও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শ্বাসকষ্ট দেখা দেয়ায় ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অপ্রতিদ্বন্দ্বী নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন হিসেবে তাঁর রাজনৈতিক জীবন দেশব্যাপী গভীর প্রভাব রেখেছে। খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করছেন।