
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মোদি বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। তিনি মরহুমার পরিবার-পরিজন এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি প্রার্থনা করেন, সর্বশক্তিমান যেন শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন ক্ষতি সহ্য করার শক্তি দেন।
শোকবার্তায় নরেন্দ্র মোদি উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ ছিল উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ, যা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন।
মোদি আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারত্বকে দিকনির্দেশনা দেবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।