
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের স্থায়ী কমিটির একটি জরুরি চলছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশেষ জরুরি ভিত্তিতেই এ সভা ডাকা হয়েছে।
মঙ্গলবার বেলা বারোটার পর এ বৈঠক শুরু হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রয়াণে জাতীয় রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেগম খালেদা জিয়া ছিলেন একজন ‘আপসহীন’ রাজনৈতিক নেতা। তার মৃত্যু কেবল একজন শীর্ষ রাজনীতিকের বিদায় নয়; গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবেও এটি বিবেচিত হচ্ছে। তার অনুপস্থিতিতে রাজনীতির অঙ্গন হারাল এক বলিষ্ঠ ও প্রভাবশালী নেতৃত্ব।
এরই মধ্যে বিএনপি নেত্রীর মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির ঘোষণা দেন।