
বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করে না-ফেরার দেশে চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৮০ বছর বয়সে মৃত্যুর কাছে হার মেনেছেন এই বর্ষীয়ান নেত্রী।
আজ মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমের কাছে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন যেন এক বিশাল শোক বইয়ে পরিণত হয়েছে। রাজনীতিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও গভীরভাবে শোকাহত। জনপ্রিয় ব্যান্ড নগরবাউল-এর পক্ষ থেকে জেমস তাঁর ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়েছেন।
সেখানে তিনি লিখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তারা গভীর শোক প্রকাশ করছেন। মহান আল্লাহর কাছে মরহুমার জান্নাতুল ফিরদাউস কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন এই রক লেজেন্ড। শুধু জেমস নন, বিনোদন জগতের অসংখ্য গুণী মানুষ প্রিয় এই নেত্রীর চলে যাওয়ায় তাঁদের শ্রদ্ধা ও স্মৃতিচারণ শেয়ার করছেন।