
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশে আসবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকার এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানায়। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ছাড়াও ভুটান ও মালদ্বীপের মন্ত্রীদের ঢাকায় আসার কথা রয়েছে। বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের আগমনে আন্তর্জাতিক পরিসরে তার রাজনৈতিক গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।
খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এসব বিদেশি মিশন তাদের নিজ নিজ ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করে মরহুম নেত্রীর প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানায়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া তাঁর মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে বলে জানানো হয়েছে।