
ফাইল ছবি
চলতি ডিসেম্বর মাসের ২৯ দিনে দেশে মোট ৩০৪ কোটি ১০ লাখ বা ৩ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। সে হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৪৯ লাখ ডলার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ডিসেম্বরের প্রথম ২৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০৪ কোটি ১০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ১০ লাখ ডলার। বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
আরিফ হোসেন খান আরও বলেন, শুধু ২৯ ডিসেম্বর একদিনেই দেশে এসেছে ১০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬০৭ কোটি ৯০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৭০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরে নভেম্বর মাসে সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।