
চলতি করবছরে এখন পর্যন্ত ৩০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, এ পর্যন্ত ৩০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন এবং প্রায় ৪৫ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
অনলাইনে কর ব্যবস্থাকে সহজ ও করবান্ধব করতে সরকারের নেওয়া উদ্যোগে করদাতাদের আগ্রহ দিন দিন বাড়ছে। এনবিআরের সর্বশেষ হালনাগাদে এই জানা গেছে।
এনবিআরের হিসাব অনুযায়ী, আগস্ট ২০২৫ মাসে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বর মাসে ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবর মাসে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বর মাসে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং ডিসেম্বর মাসে অদ্যাবধি প্রায় ১০ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। গত বছর একই সময়ে ই-রিটার্ন দাখিল করেছিলেন ১০ লাখ ২ হাজার ২৯৮ জন করদাতা, যা চলতি বছরের তুলনায় অনেক কম। এতে অনলাইনে করদাতাদের অংশগ্রহণ বৃদ্ধির স্পষ্ট চিত্র উঠে এসেছে।
করদাতাদের সুবিধার্থে সরকার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করেছে। বর্ধিত সময়ের মধ্যে চলতি কর বছরে ৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্যও অনলাইনে রিটার্ন দাখিলের পথ উন্মুক্ত রাখা হয়েছে। যদিও তাদের ক্ষেত্রে ই-রিটার্ন বাধ্যতামূলক নয়, তবে পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন করলে সংশ্লিষ্ট ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত করদাতারাও সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। একইভাবে করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরাও চলতি বছরে অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন।