
ছবি: সংগৃহীত
হাড় কাঁপানো শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহী। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন কার্যত স্থবির। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, সকাল ৬টায় এই তাপমাত্রা নথিভুক্ত করা হয়। তার ভাষ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই হিমেল হাওয়ার তীব্রতা বাড়তে শুরু করে, যার প্রভাবে তাপমাত্রা দ্রুত কমে যায়। উত্তর দিক থেকে আসা এই শীতল বাতাস আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।
এদিকে টানা তিন দিন ধরে রাজশাহীতে সূর্যের দেখা নেই। কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে রাতযাপন করছেন ছিন্নমূল মানুষগুলো। অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করতে দেখা গেছে।
দিনমজুররা জানান, আজ খুবই ঠান্ডা। এর কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। তাই কাজও হলো না। আগে যেখানে সপ্তাহে অন্তত ৫ দিন কাজ পাওয়া যেত, এখন এই শীতে সপ্তাহে বেশিরভাগ দিন কাজ মেলে না।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডাজনিত রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্করা ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছেন। এ কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।