
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই তাঁকে দাফন করা হবে।
গত মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানাজা আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এই জানাজা ও দাফন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, সার্বিক নিরাপত্তা জোরদারে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর আগে আজ সকাল ৮টা ৫৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে লাল-সবুজের পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়ার মরদেহ বের করা হয় এবং সোয়া ৯টার দিকে মরদেহ তাঁর ছেলের বাসায় পৌঁছায়।