
মৌসুমী আক্তার সালমা
কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানিয়ে মঙ্গলবার ফেসবুকে পোস্ট দেন তাঁর স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে। তিনি জানান, পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিক দূরত্বের কারণেই তাঁদের বিচ্ছেদ হয়েছে।
বিচ্ছেদ নিয়ে কথা বলতে অনিচ্ছুক সালমা বলেন, মানসিকভাবে তিনি ভালো নেই। তবে সাবেক স্বামীর জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, তাঁকে আজীবন সম্মান করবেন, কারণ তিনি তাঁর সন্তানের বাবা।
২০১৮ সালের শেষ দিনে পারিবারিক আয়োজনে সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন সালমা। এর আগে ২০১১ সালে তাঁর প্রথম বিয়ে হয় সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে, যা ২০১৬ সালে বিচ্ছেদে গড়ায়। জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’-এর বিজয়ী সালমা দীর্ঘদিন ধরেই সংগীতাঙ্গনে সক্রিয় রয়েছেন।