
বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে। দেশটির কিরিতিমাতি (ক্রিসমাস আইল্যান্ড) অঞ্চলেই সবার আগে নতুন বছরের সূচনা হয়।
প্রশান্ত মহাসাগরে অবস্থিত কিরিবাতি হাওয়াইয়ের দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে অবস্থান করছে। অসংখ্য প্রবাল প্রাচীর নিয়ে গঠিত এই দ্বীপরাষ্ট্র পূর্ব থেকে পশ্চিমে প্রায় চার হাজার কিলোমিটারজুড়ে বিস্তৃত। স্থানীয়রা দেশটিকে ‘কিরিবাস’ নামে ডাকেন। ১৯৭৯ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কিরিবাতি।
দেশটিতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ সামুদ্রিক রিজার্ভ রয়েছে। তবে অনেক প্রবাল প্রাচীরই এখন প্রাণশূন্য এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
প্রায় এক লাখ ১৬ হাজার জনসংখ্যার এই দেশটি আন্তর্জাতিক সময়রেখার কারণে প্রতিবছরই বিশ্বের অন্য দেশের আগে নতুন বছর উদযাপন করে। এ বছরও নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সাক্ষী হয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে কিরিবাতির কিরিতিমাতি অঞ্চল।