
‘কেজিএফ’ তারকা ইয়াশ অভিনীত আসন্ন সিনেমা ‘টক্সিক’ থেকে প্রকাশ পেয়েছে অভিনেত্রী নয়নতারার ফার্স্ট লুক। বুধবার ছবিটির নির্মাতারা নয়নতারার প্রথম পোস্টার প্রকাশ করলে তা ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ছবিতে নয়নতারা অভিনয় করছেন ‘গঙ্গা’ চরিত্রে। প্রকাশিত পোস্টারে তাঁকে দেখা গেছে দৃঢ়, শক্ত ও সিরিয়াস লুকে। হাতে বন্দুক এবং পেছনে বিশাল এক ক্যাসিনোর প্রবেশদ্বার- সব মিলিয়ে পোস্টারটি এক ক্ষমতাশালী ও নির্ভীক নারীর চরিত্রের ইঙ্গিত দিচ্ছে। পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি। এক ভক্ত মন্তব্য করেন, “লেডি সুপারস্টার নয়নতারা অ্যাজ গঙ্গা- এর চেয়ে বড় কিছু হতে পারে না।”
নয়নতারাকে এই চরিত্রে কাস্ট করার বিষয়ে পরিচালক গীতু মোহান্দাস বলেন, তিনি অভিনেত্রীকে একেবারে নতুনভাবে পর্দায় উপস্থাপন করতে চেয়েছেন। এক বিবৃতিতে তিনি জানান, ‘টক্সিক’-এ দর্শক নয়নতারার এমন এক দিক দেখবেন, যা এতদিন আড়ালেই ছিল। শুটিংয়ের সময় চরিত্রটির সঙ্গে নয়নতারার ব্যক্তিত্বের গভীর মিলও তিনি লক্ষ্য করেছেন।
এর আগে সিনেমাটির অন্য দুই চরিত্রে কিয়ারা আদভানি ও হুমা কোরেশির ফার্স্ট লুক প্রকাশ পায়, যা নিয়েও আলোচনা হয়। গীতু মোহান্দাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ইয়াশ। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ১৯ মার্চ। একই দিনে মুক্তি পাবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’, ফলে বক্স অফিসে বড় লড়াইয়ের আভাস মিলছে।