
ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে পেস আক্রমণে ফিরেছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। পাশাপাশি বিধ্বংসী ব্যাটার-অলরাউন্ডার টিম ডেভিডের প্রত্যাবর্তনও স্কোয়াড ঘোষণার বড় চমক হিসেবে দেখা হচ্ছে।
পিঠের চোট থেকে সেরে ওঠা কামিন্স সম্প্রতি অ্যাশেজ সিরিজে শুধু অ্যাডিলেড টেস্টে খেলেছিলেন। চলতি মাসের শেষ দিকে তার মেডিক্যাল স্ক্যান হওয়ার কথা রয়েছে। সেই রিপোর্টের ওপরই নির্ভর করবে চূড়ান্ত স্কোয়াডে তার জায়গা নিশ্চিত হওয়া। অন্যদিকে, হ্যামস্ট্রিং ইনজুরি ও পরে অ্যাকিলিসের সমস্যায় অ্যাশেজ মিস করা হ্যাজলউড এবং বিগ ব্যাশ লিগে গ্রেড–টু হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া টিম ডেভিড ধীরে ধীরে ফিটনেসে ফিরছেন।
নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি জানান, তিন ক্রিকেটারের পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচক দিকেই এগোচ্ছে। তার মতে, শ্রীলঙ্কা ও ভারতের কন্ডিশন বিবেচনায় রেখে ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়া হয়েছে এবং প্রয়োজন হলে টুর্নামেন্টের আগে পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।
স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে এবার স্পিন আক্রমণে বাড়তি গুরুত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। স্পিন বিভাগের নেতৃত্বে থাকছেন অ্যাডাম জাম্পা, তার সঙ্গে আছেন ম্যাথু কুহনেম্যান ও কুপার কনোলি। অলরাউন্ড শক্তি জোরদার করতে দলে রাখা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু শর্টকে।
দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিচেল মার্শ। ভারতের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজ মিস করা ক্যামেরুন গ্রিন ও কনোললি আবারও স্কোয়াডে ফিরেছেন। উইকেটকিপার হিসেবে একমাত্র বিশেষজ্ঞ হিসেবে জায়গা পেয়েছেন জশ ইংলিস।
স্কোয়াডে কোনো বামহাতি পেসার নেই। মিচেল স্টার্কের টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর এবং স্পেন্সার জনসনের চোটের কারণে এই ঘাটতি তৈরি হয়েছে। ফলে ডানহাতি পেসার জেভিয়ার বার্টলেট সুযোগ পেলেও বাদ পড়েছেন বেন ডোয়ারশুইস ও মিচেল ওউইন।
গ্রুপ ‘বি’-তে অস্ট্রেলিয়া তাদের ম্যাচ খেলবে কলম্বো ও পাল্লেকেলেতে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ওমান। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করা হবে।
অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরুন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।