
নতুন বছর মানেই নতুন গল্প আর নতুন উন্মাদনা। দর্শকদের বিনোদনের স্বাদ বদলে দিতে ২০২৬ সালে কোমর বেঁধে নামছে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মগুলো। চরকি, হইচই, আইস্ক্রিন ও বঙ্গবিডি -প্রতিটি প্ল্যাটফর্মই সাজিয়েছে তাদের বৈচিত্র্যময় কনটেন্ট ডালি। বড় পর্দার সিনেমা থেকে শুরু করে ছোট পর্দার সিরিজ কিংবা টানটান উত্তেজনার গেম শো, সব মিলিয়ে বিনোদনপ্রেমীদের জন্য এ বছরটি হতে যাচ্ছে মনে রাখার মতো একটি বছর।
চরকির বড় চমক ও প্রাণিকুলের গল্প
নতুন বছরকে সামনে রেখে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি এক বিশাল পরিকল্পনার আভাস দিয়েছেন। দেশসেরা নির্মাতা ও তারকাদের মিলনমেলায় চরকি এবার এমন কিছু নিয়ে আসছে যা আগে কখনো দেখা যায়নি। নির্মাতা শিহাব শাহীন নিয়ে আসছেন বড় পরিসরের একটি অরিজিনাল সিরিজ। পাশাপাশি শঙ্খ দাশগুপ্তের গল্পে ফুটে উঠবে মানুষের স্বপ্ন আর আবেগের এক গভীর আখ্যান। তবে এবারের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে আরাফাত মহসিন নিধির পারিবারিক গল্পের সিরিজটি। চরকি এবার ভিন্নধর্মী এক চিন্তাকে গুরুত্ব দিচ্ছে, যেখানে প্রাণিকুলকে কেন্দ্র করে তৈরি হবে বিশেষ কনটেন্ট, যা সচরাচর বাংলা ওটিটিতে দেখা যায় না। শুধু সিরিজেই সীমাবদ্ধ নয় চরকি, প্রেক্ষাগৃহ কাঁপাতে তারা নিয়ে আসছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দম’। বড় পর্দায় ঝড় তোলার পর দর্শকরা এটি ওটিটিতেও উপভোগ করতে পারবেন।
হইচইয়ের নতুন মুখ ও বনলতা এক্সপ্রেস
ওটিটি জায়ান্ট হইচই এবার গুরুত্ব দিচ্ছে নতুন পরিচালকদের ওপর। ২০২৬ সালে দর্শকরা হইচইয়ে যেমন নতুন নির্মাতাদের কাজ দেখবেন, তেমনি পুরনো পরীক্ষিত পরিচালকদের নতুন প্রজেক্টও থাকবে সমান্তরালে। তবে এ বছরের সবচেয়ে বড় ধামাকা হতে যাচ্ছে হইচই স্টুডিওজের প্রথম সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রেক্ষাগৃহের জন্য নির্মিত এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এছাড়া যারা থ্রিলার পছন্দ করেন, তাদের জন্য দারুণ খবর হলো আলোচিত সিরিজ ‘গোলাম মামুন’-এর সিক্যুয়েলও এ বছরই পর্দায় আসার জোরালো সম্ভাবনা রয়েছে।
আইস্ক্রিনের রহস্য ও প্রেশার কুকার
অন্যান্য প্ল্যাটফর্মগুলোর মতো আইস্ক্রিনও তাদের ঝুলি সাজিয়েছে গোপনে। যদিও তারা সিরিজের বিষয়ে এখনই মুখ খুলছে না, তবে বড় পর্দার জন্য তাদের বড় বাজি হতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’। শোনা যাচ্ছে, এই সিনেমায় দর্শক একসাথে দেখতে পারেন শবনম বুবলী ও নাজিফা তুষিকে। রায়হান রাফির নির্মাণ মানেই বিশেষ কিছু, তাই এই সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। এছাড়া বছরের বিভিন্ন সময়ে নতুন পরিচালকদের সিরিজ ও ওয়েব ফিল্মের সমারোহ থাকবে আইস্ক্রিনের পর্দায়।
বঙ্গবিডির ব্যাচেলর পয়েন্ট ও ফ্যামিলি ফিউড
জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে নেই বঙ্গবিডিও। এ বছরও তারা দর্শকদের জন্য নিয়ে আসছে চিরচেনা এবং জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। তবে বড় চমক থাকছে রিয়েলিটি শো বা গেম শো প্রেমীদের জন্য। গত সিজনে সংগীতশিল্পী তাহসান খানের উপস্থাপনায় দারুণ সাড়া ফেলা ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ ফিরে আসছে দ্বিতীয় সিজন নিয়ে। এবারের আয়োজনটি হবে আরও বড় এবং চমকপ্রদ। পাশাপাশি মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’ মুক্তির প্রস্তুতি নিচ্ছে এই প্ল্যাটফর্মে। এর বাইরেও বেশ কিছু ওয়েব ফিল্ম ও সিরিজের কাজ চলছে যা নির্দিষ্ট সময়ে ঘোষণা করবে বঙ্গবিডি কর্তৃপক্ষ।
সব মিলিয়ে, ২০২৬ সালের বিনোদন জগৎ হতে যাচ্ছে উৎসবমুখর। সিনেমা হলের বড় পর্দা থেকে ড্রয়িং রুমের ছোট পর্দা সবখানেই থাকবে নতুনত্বের ছোঁয়া।