
সান্তোস সমর্থকদের জন্য নতুন বছরের সবচেয়ে বড় উপহার নিয়ে এসেছেন খোদ নেইমার জুনিয়র। গত কয়েক সপ্তাহের টানটান জল্পনার অবসান ঘটিয়ে নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন এই ব্রাজিলিয়ান মহাতারকা।
নতুন এই সমঝোতা অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিলা বেলমিরোর ক্লাবটিতেই থাকছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’র বরাত দিয়ে নিশ্চিত হওয়া গেছে যে, ক্লাব সভাপতি মার্সেলো তেইসেইরার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সান্তোসের আইকনিক ১০ নম্বর জার্সিটি নেইমারের দখলেই থাকছে। যদিও চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে, তবে দুই পক্ষের মধ্যে সব বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়ে গেছে।
এবারের চুক্তিটি এক বছরের জন্য করা হয়েছে, যা নেইমারের জন্য সান্তোসে ফেরার পর তৃতীয়বারের মতো করা কোনো চুক্তি। এর আগে দুই দফায় ছয় মাস করে চুক্তি করলেও এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। নেইমারের বেতনের বিষয়টি বেশ চমকপ্রদ; সান্তোস তাকে মাসে চার থেকে পাঁচজন সাধারণ মানের খেলোয়াড়ের সমান পারিশ্রমিক দিচ্ছে। তবে কেবল খেলোয়াড়ি চুক্তিই নয়, নেইমারের ইমেজ স্বত্ব নিয়ে তার পারিবারিক প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের সঙ্গে সান্তোসের আলাদা একটি বিশাল আর্থিক চুক্তিও রয়েছে। প্রায় ৮ কোটি ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়ালের এই পাওনা আগামী বছরের শেষ নাগাদ পরিশোধ করার কথা রয়েছে। সান্তোস কর্তৃপক্ষ শুরু থেকেই চেয়েছিল নেইমার অন্তত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ক্লাবে থাকুক, আর সেই লক্ষ্যেই এই নতুন প্রকল্প সাজানো হয়েছে।
মাঠের পারফরম্যান্সে নেইমার ইতোমধ্যে তাঁর প্রয়োজনীয়তা প্রমাণ করেছেন। সদ্য শেষ হওয়া মৌসুমে সান্তোসের অবনমন ঠেকাতে তিনি পালন করেছেন ত্রাতার ভূমিকা। এমনকি হাঁটুর চোট নিয়ে ঝুঁকি নিয়ে খেলে দলের শেষ তিন ম্যাচে হ্যাটট্রিকসহ গুরুত্বপূর্ণ গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি, যার ফলে সান্তোস শীর্ষ লিগে নিজেদের জায়গা টিকিয়ে রাখতে সক্ষম হয়। বর্তমানে নেইমার তাঁর বাঁ হাঁটুর অস্ত্রোপচার পরবর্তী পুনর্বাসনের ওপর গুরুত্ব দিচ্ছেন এবং ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের আগে তিনি মাঠে ফিরতে পারবেন না। বিশ্বকাপের বছরে সান্তোসের জার্সিতে নিয়মিত পারফর্ম করেই দীর্ঘ বিরতির পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন এই তারকা।