
ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্রাঁ-মন্তানায় নববর্ষ উদযাপনকালে একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) ভোর রাতে দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওই রিসোর্টের ‘লে কনস্টেলেশন’ নামের একটি বারে আগুন লাগে। শুরুতে ঘটনাটিকে বিস্ফোরণ বলে ধারণা করা হলেও পরে কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায়, এটি কোনো হামলা নয়; বরং দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বারের ভেতরে আতশবাজি ফোটানোর সময় আগুন ধরে যেতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়।
ঘটনার সময় বারে উপস্থিত দুই ফরাসি নারী এমা ও আলবান ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে জানান, বারের নিচতলার অংশে কাঠের ছাদের কাছাকাছি জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়। খুব দ্রুত আগুন ছাদজুড়ে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই পুরো বার আতঙ্কে ভরে ওঠে। তারা একটি সরু সিঁড়ি দিয়ে উপরে উঠে কোনোরকমে বেরিয়ে আসতে সক্ষম হন। কিছুক্ষণের মধ্যেই আগুন উপরের তলাতেও ছড়িয়ে পড়ে বলে তারা জানান।
ঘটনার কয়েক ঘণ্টা পর সকাল থেকে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করা হয়। বারের সামনে সাদা পর্দার আড়ালে ফরেনসিক তাবু স্থাপন করা হয়। ভ্যালাই ক্যান্টনের নিরাপত্তা প্রধান স্তেফান গাঞ্জার বলেন, প্রথম উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ভয়াবহ ও বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি হয়।
পুলিশ প্রধান ফ্রেদেরিক গিসলার এক সংবাদ সম্মেলনে বলেন, “এই ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত। এখন পর্যন্ত আমাদের হিসাবে প্রায় ১০০ জন আহত হয়েছেন এবং দুঃখজনকভাবে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৪০ জনে দাঁড়িয়েছে।”
আহতদের সিওঁ, লোজান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মারাত্মকভাবে দগ্ধ মরদেহ শনাক্ত করতে সময় লাগবে বলেও জানানো হয়েছে।