
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৌঁছে এই সমবেদনা জানান। পরে গুলশান কার্যালয়ে রাখা শোকবইয়ে স্বাক্ষরও করেন তিনি।
সাক্ষাতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং জামায়াতের নেতা এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসেন, সাইফুল আলম খান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
জামায়াত আমির বলেন, খালেদা জিয়া ইতিহাসের বিরল সম্মান নিয়ে চলে গেছেন। তার বিদায়ের সংবর্ধনা গতকাল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে বিদায় জানিয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়া জাতির জন্য যা করেছেন সেই পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। এই পাওনা দেখে আমরা অনুপ্রাণিত হই। আমরাও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি হয়তো মানুষ এমন বিদায় দেবে।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দেশে গুরুত্বপূর্ণ সময় চলছে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা। ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচন নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য হোক—এ বিষয়ে আজও আলোচনা হয়েছে। তিনি জানান, দেশের স্বার্থে অতীতে একসাথে কাজ করেছি এবং ভবিষ্যতেও করব। তারেক রহমান ও বিএনপির নেতৃবৃন্দও এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
তিনি আরও বলেন, আগামী ৫ বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে সবাই মিলেমিশে সঠিক পরিকল্পনা নিতে হবে। নির্বাচনের পর সরকার গঠনের আগে খোলা মনে দেশের স্বার্থে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। খালেদা জিয়া যে ঐক্যের ভিত্তি তৈরি করেছেন, তার ওপর দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হবে।
এর আগে, বুধবার বিকেল ৩টায় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ দেশ-বিদেশের গন্যমান্য ব্যক্তিরা এবং লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন।