
অবৈধ পথে অভিবাসন প্রত্যাশীদের স্পেনে প্রবেশ চেষ্টা। ছবি: এএফপি
গাম্বিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত সাতজন নিহত হয়েছেন। নৌকাটিতে ২০০ জনের বেশি মানুষ ছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতের দিকে দেশটির নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের কাছে নৌকাটি উল্টে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া অনেকেই গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গাম্বিয়ান নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। মধ্যরাতের পরপরই শুরু হওয়া এই অভিযানে নৌবাহিনীর একাধিক জাহাজের পাশাপাশি একটি মাছধরা নৌকাও সহায়তা করে। পরে দুর্ঘটনাকবলিত নৌকাটি একটি বালুচরে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়।
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকা থেকে নৌপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে ইচ্ছুক অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের জন্য গাম্বিয়া একটি গুরুত্বপূর্ণ যাত্রাবিন্দুতে পরিণত হয়েছে। ইউরোপের মূল ভূখণ্ডে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার হিসেবে ক্যানারি দ্বীপপুঞ্জকে বিবেচনা করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের তথ্যমতে, ২০২৪ সালে ৪৬ হাজারের বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। অন্যদিকে মানবাধিকার সংস্থা ‘কামিনান্দো ফ্রোন্তেরাস’-এর হিসাবে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে ২০২৪ সালে ১০ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি।