
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন এই দোয়া আয়োজনের আহ্বান জানিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ থেকে পাঠানো এক নির্দেশনায় জানানো হয়, রাষ্ট্রীয়ভাবে তিনদিনের শোক পালনের সিদ্ধান্ত অনুযায়ী এই সময়কালে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
নির্দেশনায় আরও বলা হয়, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় আজ শুক্রবার বাদ জুমা বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতেও তিনদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এই কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।