
বাংলাদেশে কার্যক্রম শুরু করছে হোস্টিং ডটকম। ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান হোস্টিং ডটকম (Hosting.com) বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ জানুয়ারি রাজধানীর হোটেল শেরাটনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে যাত্রা শুরু করবে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয়ে আন্তর্জাতিক মানের হোস্টিং সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য। বিশেষ করে ওপেন সোর্স প্রযুক্তি ও ওয়ার্ডপ্রেসভিত্তিক সমাধানের মাধ্যমে ডেভেলপার, ডিজিটাল উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য নিরাপদ, স্কেলেবল ও নির্ভরযোগ্য হোস্টিং সেবা প্রদান করবে হোস্টিং ডটকম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ এবং তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আয়োজনে থাকবে কি-নোট স্পিচ, প্যানেল আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং নেটওয়ার্কিং সেশন।
অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু হিসেবে গুরুত্ব পাবে— ওপেন সোর্স প্রযুক্তি ও ওয়ার্ডপ্রেস কীভাবে বৈশ্বিক ডিজিটাল উদ্ভাবনকে এগিয়ে নিচ্ছে, বাংলাদেশের বাজারে হোস্টিং ডটকমের কার্যক্রম গ্রাহক, ডেভেলপার ও ব্যবসায়ীদের জন্য কী সুযোগ সৃষ্টি করবে এবং নিরাপদ ও স্কেলেবল হোস্টিং কীভাবে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। পাশাপাশি এজেন্সি, এন্টারপ্রাইজ ও দ্রুত বিকাশমান ডিজিটাল ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনাও আলোচনায় উঠে আসবে।
হোস্টিং ডটকমের বাংলাদেশ অপারেশন ম্যানেজার ইমরান হোসেন বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক হোস্টিং প্রতিষ্ঠান সরাসরি তাদের কার্যক্রম শুরু করছে, যা দেশের প্রযুক্তি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে গ্রাহকরা স্থানীয় মুদ্রায় আন্তর্জাতিক মানের হোস্টিং সেবা পাবেন। পাশাপাশি এই খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, হোস্টিং ডটকমের এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং প্রযুক্তি পেশাজীবীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
এ বিষয়ে হোস্টিং ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেব দে লেমোস বলেন, “গত দুই দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি ওয়ার্ডপ্রেস ও লারাভেলের মতো ওপেন সোর্স প্রযুক্তি কীভাবে বিশ্বজুড়ে হাজারো ডিজিটাল উদ্যোক্তাকে সক্ষম করে তুলেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও এর ইতিবাচক প্রভাব স্পষ্ট।”
তিনি আরও বলেন, ঢাকায় এই উদ্বোধন কেবল একটি অনুষ্ঠান নয়; বরং বাংলাদেশের বাজারে নির্ভরযোগ্য ও উচ্চগতির হোস্টিং সেবা সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওপেন সোর্স প্রযুক্তি দীর্ঘমেয়াদে টেকসই ডিজিটাল উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।