
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত ১৪ মাসে তিনি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করেননি। আল্লাহ ও জনগণকে সাক্ষী রেখে তিনি দাবি করেন, কেউ তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণ করতে পারবে না।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ।
হাসনাত আব্দুল্লাহ বলেন, কেন্দ্র দখল বা ভোটাধিকার হরণের কোনো প্রচেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রশাসন, পুলিশ, অর্থ বা ক্যাডার ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হলে এনসিপি তার বিরুদ্ধে অবস্থান নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইনসাফপূর্ণ সমাজ গড়াই তাদের লক্ষ্য।
বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, দলমত নির্বিশেষে তিনি সবার প্রিয় ছিলেন এবং অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তাঁর রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ রাজনীতিতে তা অনুসরণ করার অঙ্গীকার করেন এনসিপির এই নেতা।