
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কিছু এলাকায় তার কর্মীদের ভয় দেখিয়ে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের কোনো ঘটনা তার নির্বাচনী প্রচারে প্রভাব ফেললে বা নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলে জানান।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ আসনে দাখিল করা ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রই যাচাই-বাছাইয়ে বৈধ বলে ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় তার মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই। তিনি বলেন, দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি যে দায়িত্ব পেয়েছিলেন, তা বয়স ও অভিজ্ঞতার তুলনায় বড় হলেও তিনি নিষ্ঠার সঙ্গে তা পালন করেছেন।
তিনি আরও বলেন, ২০১৮ সালের সংসদে তার ভূমিকা সবারই জানা। দল ২০২২ সালের ডিসেম্বরে তাকে পদত্যাগ করতে বললে তিনি এক মুহূর্ত দেরি না করে পদত্যাগ করেন। দল নতুন নেতৃত্বে এগোতে চাইলে সেটিকে তিনি স্বাগত জানান এবং নিজের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার কথাও জানান।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন দেওয়া হয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে। তবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে রুমিন ফারহানাও মনোনয়নপত্র দাখিল করেন, যার পরপরই তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করা হয়।