
ফাইল ছবি
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্যের গড়মিল পাওয়া যাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
তৌফিকুর রহমান বলেন, তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি। হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের এক দিন পর তিনি স্বাক্ষর করেছেন। তিনি সম্পদ বিবরণীর ফরম দাখিল করেননি। এসব অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
প্রার্থিতা বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাহমুদুর রহমান মান্না আপিল করতে পারবেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।
এছাড়া এই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। জিন্নাহ তার হলফনামার সঙ্গে সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত ফরম দাখিল করেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র বাতিলের ফলে বগুড়া-২ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পরিবর্তন এসেছে। বাকি প্রার্থীদের বিষয়ে জেলা নির্বাচন কার্যালয় পরবর্তী সিদ্ধান্ত জানাবে।