
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো পৃথক শোকবার্তায় তারা এই সমবেদনা জানান।
বাদশাহ সালমান তার বার্তায় বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদ তিনি গভীর দুঃখের সঙ্গে গ্রহণ করেছেন। এ শোকের মুহূর্তে তিনি বাংলাদেশের জনগণ ও মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি খালেদা জিয়াকে অসীম রহমত ও ক্ষমা দান করেন, জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন এবং সবাইকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করেন।
অন্যদিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি গভীরভাবে শোকাহত। এই দুঃখজনক সময়ে তিনি বাংলাদেশ সরকার ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। পাশাপাশি তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি মরহুমাকে তাঁর রহমত ও ক্ষমার চাদরে আবৃত করেন এবং সবাইকে ক্ষতি থেকে রক্ষা করেন।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন ৩১ ডিসেম্বর লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে ঢাকার জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।