
ফাইল ছবি
গণফোরামের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তার ফুসফুসজনিত সমস্যা বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ড. কামাল হোসেন বর্তমানে ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে তার প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এসব পরীক্ষার ফলাফলের পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
ডা. মিজানুর রহমান আরও বলেন, সর্বশেষ গত বুধবার (৩১ ডিসেম্বর) ড. কামাল হোসেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছিলেন। এরপর থেকেই তার শারীরিক দুর্বলতা বেড়ে যায়।
এদিকে ড. কামাল হোসেনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গণফোরামের নেতারা।
উল্লেখ্য, ৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন বাংলাদেশের রাজনীতির এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। তিনি স্বাধীনতা-পরবর্তী সময়ে ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।