
সংগৃহীত ছবি
নতুন বছরের শুরুতেই দেশে হাড়কাঁপানো শীতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারি মাসে দেশে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। তীব্র শৈত্যপ্রবাহের সময় দেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে জানানো হয়, উত্তরাঞ্চল ও নদী অববাহিকার এলাকাগুলোতে শীতের প্রভাব বেশি অনুভূত হতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা অনেক সময় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি আরও বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারিতে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই। গত ডিসেম্বর মাসে দেশে বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের তুলনায় প্রায় ৯৯ শতাংশ কম।
এদিকে গতকাল সাত জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, আজ তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে আগামীকাল থেকে আবার শীত বাড়ার আশঙ্কা রয়েছে।