
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খবেগম খালেদা জিয়া যে আদর্শ ও নৈতিকতা নিয়ে জনগণের কাছে অঙ্গীকার দিয়েছিলেন; তার রেখে যাওয়া সেই আদর্শের পথ ধরেই আমরা এগিয়ে যাব, জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে, বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে।
শনিবার (৩ জানুয়ারি) শেরে বাংলা নগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের উদ্দেশে এমন মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারব, আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারব, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধরে রাখতে পারব। সুতরাং তিনি যে প্রেরণা থেকে অনেক যন্ত্রণা ও অত্যাচার সহ্য করে আমাদের পতাকাকে উড্ডীন রেখেছিলেন সেই দৃষ্টান্ত অনুসরণ করে আমরা এগিয়ে যাব।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পতাকা হাতে নিয়েছেন; তার মায়ের প্রদর্শিত পথ ধরে এই দেশকে নতুন সম্ভাবনার দিগন্তের দিকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব; যার জন্য প্রায় ৪৫/৪৬ বছর ধরে নিরন্তর লড়াই-সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া।
সকাল সাড়ে ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতত্বে নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে বেগম খালেদা জিয়ার কবরে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের অংশ নেন নেতা-কর্মীরা।
রুহুল কবির রিজভী বলেন, সাধারণ মানুষের ভালোবাসাই প্রমাণ করে বেগম খালেদা জিয়ার গ্রহনযোগ্যতা। হুমকি দিয়ে যে কাউকে পেছানো যায় না, তার উদাহরণ তিনি।
তিনি বলেন, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভেতর যেতে দেখলাম, সে নেত্রী হুইলচেয়ারে করে বের হলেন। দিনের পর দিন হাসপাতালে থাকলেন। কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার সব চক্রান্ত হয়েছে।
ফ্যাসিবাদের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়, তা বেগম খালেদা জিয়া শিখিয়েছেন বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।